উন্নয়নমূলক কাজ করতে গেলে দুর্নীতি হবেই ‘আমাদের সব সেক্টরেই কমবেশি দুর্নীতি বিদ্যমান। দুর্নীতি বাদ দিয়ে উন্নয়নমূলক কাজ করা কঠিন।’
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর এফডিসিতে ‘স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব’ শীর্ষক ছায়া সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি নামে সংস্থাটি ছায়া সংসদ নামে প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে সরকারি দল ও বিরোধী দলের ভুমিকায় প্রতিযোগিতা করে থাকে ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, ‘বড় ধরনের দুর্নীতি খুবই খারাপ। এই দুর্নীতির জন্য আমি নিজেও অনেক কাজ করতে পারি না। এসব দুর্নীতি কমানোর লক্ষ্যে বর্তমানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জনপ্রতিনিধিদের অনিয়মের অভিযোগ অনেকটাই কমে এসেছে। দুর্নীতি বন্ধে আমাদের সবাইকে শপথ গ্রহণ করতে হবে।’
নির্বাচন প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেনের নির্বাচন নিয়েও বিতর্ক আছে। আমাদের দেশে হয়তো এই বিতর্কের মাত্রা কিছুটা বেশি।স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ইমেজ সংকট রয়েছে। এই পদগুলোকে যদি মর্যাদাপূর্ণ করা যায়, তাহলে ভালো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে। এবারের উপজেলা নির্বাচনে কাউকে প্রকাশ্যে বা গোপনে মনোনয়ন দেওয়া হবে না।’
ছায়া সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্বর বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘বিগত ৫২ বছরের দেশের অনেক অগ্রগতি হলেও স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সুশাসন তৈরিতে এখনো অনেক ঘাটতি আছে।জনপ্রতিনিধিদের মধ্যে অসৎ মানুষের ঘাটতি কমানো সম্ভব হচ্ছে না। যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করছে।’
এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রতিযোগী দল। আর পরাজয় হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দল। এতে বিচারক ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিকরা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলকে ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।