টানা বৃষ্টিপাতে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার্থীরা। এ অবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা তিনটি রুটে ফ্রি অটো সার্ভিস চালু করেছে।
শুক্রবার (৩০ মে) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শাসনগাছা, কান্দিরপাড় এবং টমছমব্রিজ—এই তিনটি পয়েন্ট থেকে ভিক্টোরিয়া কলেজ (ডিগ্রি শাখা) পর্যন্ত পরীক্ষার দিন সকাল থেকে ফ্রি অটো সার্ভিস চলবে। প্রতিটি রুটে পাঁচটি করে মোট ১৫টি অটো রাখা হয়েছে পরীক্ষার্থীদের জন্য।
ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি বিল্লাল হোসেন জানান,
“পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কেন্দ্রে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
এছাড়া সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য পানির বোতল, ছাতা, স্যালাইন, শিক্ষা উপকরণ এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থারও আয়োজন করা হয়েছে। কলেজ ক্যাম্পাস এবং আশপাশের এলাকাগুলোতে হাঁটুসমান পানি থাকায় অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে উদ্বেগে ছিলেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম বলেন,
“জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশের বিভিন্ন স্থানে দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করছে। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস এবং তার আশপাশের রাস্তাগুলোতেও একই অবস্থা। এই বাস্তবতায় আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
পরীক্ষার দিন কলেজ ক্যাম্পাসে বড় ব্যানারে আসন বিন্যাস প্রদর্শন করা হবে। এছাড়া ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের সদস্যরা শিক্ষার্থীদের প্রয়োজনে সার্বক্ষণিক সহায়তা করবেন।
উল্লেখ্য, ধর্মপুর কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ৩০৮৭ জন পরীক্ষার্থী এই অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।