নির্বাচন নিয়ে ছয় আন্তর্জাতিক নাগরিক সমাজ সংস্থার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বিবৃতিতে নিয়ে চরম আপত্তি জানিয়েছে বাংলাদেশের সরকার।
আজ রবিবার(১৪ জানুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বিবৃতিকে পক্ষপাতমূলক বলে অভিহিত করে এবং ব্যাখ্যা তুলে ধরে।
পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার ছয় আন্তর্জাতিক নাগরিক সমাজ সংস্থার বিবৃতি নাকচ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানায়, বাংলাদেশের বিষয়ে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) কার্যালয় প্রকাশিত একটি সংবাদ বিবৃতি বাংলাদেশ সরকারের নজরে এসেছে।সরকার দেখতে পাচ্ছে, ওএইচসিএইচআর দুর্ভাগ্যবশত তার এখতিয়ার লঙ্ঘন করেছে। ওএইচসিএইচআরের বিবৃতিটি মাঠের বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন এবং পক্ষপাতমূলক মূল্যায়নের মাধ্যমে মানবাধিকার নিয়ে রাজনীতি করার পুনরাবৃত্তি।