২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়।
শিক্ষা বোর্ডগুলো জানায়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে যে সিলেবাসে পরীক্ষা হয়েছে, সে সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাস অনুযায়ী নেওয়া হবে।
এদিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের মতো সংক্ষিপ্ত সিলেবাসে হবে। ২০২৫ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাও হবে ২০২৩ সালে প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী।
উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে টানা প্রায় দেড় বছর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সশরীর ক্লাস বন্ধ ছিল। সে কারণে শিক্ষাপঞ্জিতে এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হয়, যার রেশ এখনো কাটেনি।