মহান বিজয় দিবসে জনরোষের শিকার হয়ে পালিয়ে গেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। তিনি শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ না করেই গাড়ি করে পালিয়ে যান। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহান বিজয় দিবসে সকাল সাড়ে ৬টায় তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন না ইউএনও। পরে সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের কথা থাকলেও তিনি আসেন ৯টায়। এ ছাড়াও শহীদ বেদী চত্বর ছিল অপরিষ্কার অপরিচ্ছন্ন।
এসব কারণে সকালে পুষ্পমাল্য অর্পণ করতে আসা লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ইউএনও উছেন মে গাড়িযোগে সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ করতে আসলে অপেক্ষামান লোকজন তার গাড়ি ঘেরাও করে তাকে ধাওয়া দেয়। একপর্যায়ে পুষ্পমাল্য অর্পণ না করেই তিনি পালিয়ে যান। তার বিরুদ্ধে অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ আনেন স্থানীয়রা।