দু’দিন বন্ধ থাকার পর আজ থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এর মধ্যে এক দিন ঈদুল ফিতরের এবং অন্য দিন সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ ছিলো।
আজ শনিবার (১৩ এপ্রিল) সকাল থেকেই চলাচল শুরু করেছে এ মেট্রোরেল।
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ঈদের জন্য মেট্রোরেল শুধু ঈদের দিন (১১ এপ্রিল) বন্ধ থাকবে। এছাড়া পরদিন শুক্রবার (১২ এপ্রিল) সাপ্তাহিক বন্ধ যথারীতি কার্যকর থাকবে। সে হিসেবে মেট্রোরেল টানা দু’দিন বন্ধ থাকবে। পরে শনিবার (১৩ এপ্রিল) সকাল থেকে আবারো যথানিয়মে মেট্রোরেল চলাচল করবে।
বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। পিক আওয়ারে (৭টা থেকে সাড়ে বেলা ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা) প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। আর বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে থাকে।
ডিএমটিসিএল সূত্র জানান, রোজা শুরুর আগের ১৫ দিন প্রতিদিন গড়ে পৌনে তিন লাখ যাত্রী যাতায়াত করেছে। কিন্তু রোজা শুরুর পর দিনে গড়ে ২ লাখ ৩৫ হাজার যাত্রী যাতায়াত করছে।