গত ২৮ অক্টোব প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন জামিন দিয়েছে আদালত।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের বিএনপির এই দুই নেতার জামিন মঞ্জুর করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর আগে তিনি ৯টি মামলায় জামিন পান।
আইনজীবীরা জানিয়েছেন, অন্য সব মামলায় আগেই জামিন হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় আজ জামিন হলো। এখন আর তাঁদের মুক্তি পেতে আইনগত কোনো বাধা নেই।
উল্লেখ্য গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুল ও ২ নভেম্বর আমীর খসরুকে গ্রেপ্তার করা হয়। সেদিন থেকে প্রায় সাড়ে তিন মাস সময় ধরে কারাগারে আছেন তারা।