মানবজমিন:
দুর্নীতিতে বাংলাদেশের আরও ২ ধাপ অবনমন
বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) ঊর্ধ্বক্রম অনুযায়ী বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯ নম্বরে। গতবার এই তালিকায় বাংলাদেশ ১৪৭ নম্বরে ছিল। আর অধঃক্রম অনুযায়ী বিবেচনা করলে বাংলাদেশ অবস্থান এবার ১৮০ দেশের মধ্যে দশম, যেখানে গত বছর ছিল দ্বাদশ অবস্থানে। দুর্নীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্কোর ও র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল রাজধানীর ধানমণ্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে প্রতিবেদনের বিভিন্ন দিক এবং বাংলাদেশের দুর্নীতির পরিস্থিতি তুলে ধরে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
প্রথম আলো:
দুর্নীতির সূচকে বাংলাদেশের অবনতি
আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণাসূচকে ১০০-এর মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪।দুর্নীতির মাত্রা কোন দেশে কেমন, সে সম্পর্কে ধারণা দিতে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বিদায়ী ২০২৩ সালের জন্য দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুর্নীতির মাত্রা বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এর আগে ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যেসব দেশে গণতন্ত্র নেই এবং যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন রয়েছে, সেসব দেশের চেয়েও বাংলাদেশে দুর্নীতির মাত্রা বেশি।গতকাল মঙ্গলবার জার্মানির বার্লিন থেকে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) প্রতিবেদন-২০২৩ প্রকাশ করেছে টিআই। তাদের সঙ্গে একযোগে বাংলাদেশেও এই প্রতিবেদন সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ উপলক্ষে গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করা হয়।
দুর্নীতির ধারণাসূচকে দুর্নীতির সংজ্ঞা হচ্ছে, ব্যক্তিগত সুবিধা বা লাভের জন্য ‘সরকারি ক্ষমতার অপব্যবহার’। আর ধারণাসূচক অনুযায়ী, গত ১৬ বছরের মধ্যে বাংলাদেশে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি ছিল ২০২৩ সালে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। টিআই বলেছে, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২৫।
যুগান্তর:
রোজার তিন পণ্যের দামে ঊর্ধ্বগতি
উচ্চ শুল্ক ও ডলারের দাম বৃদ্ধিসহ পাঁচ কারণ
উচ্চ শুল্ক ও ডলারের দাম বৃদ্ধিসহ পাঁচ কারণে রমজানের তিন পণ্য-চিনি, ভোজ্যতেল ও খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা যাচ্ছে না। অন্য কারণগুলো হচ্ছে-বিশ্ববাজারে পণ্যের দামে ঊর্ধ্বগতি, আমদানি মূল্যকে ভিত্তি না ধরে শুল্কায়ন পদ্ধতি এবং পরিশোধন ব্যয় বৃদ্ধি। বিদ্যমান পরিস্থিতিতে স্থানীয় বাজারে মূল্য সমন্বয়ও সম্ভব হচ্ছে না। এ তিন পণ্যের মূল্য পরিস্থিতির ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তবে এসব কারণে পণ্যের দাম যতটুকু বাড়ার কথা, বাস্তবে দেখা যাচ্ছে এরচেয়ে অনেক বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এর নেপথ্যে রয়েছে সিন্ডিকেটের কারসাজি।শুল্কের বিষয়ে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক কেজি চিনি আমদানিতে শুল্ক আদায় করা হচ্ছে সর্বোচ্চ ৪৬ টাকা ও খেজুরে ১৬০- ২০০ টাকা এবং ভোজ্যতেল টনপ্রতি ১৫ শতাংশ।ৎ
দৈনিক সংগ্রাম:
জাতিসঙ্ঘের অধীনে সুষ্ঠু তদন্ত করতে হবে -অধ্যাপক মুজিব
গত ২১ জানুয়ারি ভোরে যশোর সীমান্তে বিজিবি সদস্য সিপাহী মুহাম্মাদ রইস উদ্দিন এবং ২৮ জানুয়ারি লালমনিরহাটের বাংলাদেশী যুবক রবিউল ইসলাম ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলীতে অন্যায়ভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং জাতিসঙ্ঘের অধীনে সুষ্ঠু তদন্ত দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান গতকাল মঙ্গলবার এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ২১ জানুয়ারি ভোরে যশোর সীমান্তের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টসংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য সিপাহি মোহাম্মদ রইস উদ্দীনকে এবং ২৮ জানুয়ারি লালমনিরহাটের আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার আমলাবাড়ি গ্রামে বাংলাদেশী যুবক রবিউল ইসলামকে ভারতীয় রক্ষীবাহিনী গুলী করে হত্যা করেছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এ হত্যাকান্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকা- ঘটায়। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকা- শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যাকা- ক্রমাগতভাবেই বাড়ছে। সীমান্ত হত্যা নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী ২০২৩ সাল পর্যন্ত গত ৯ বছরে সীমান্তে বিএসএফের হাতে ২৪৫ জন বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলেও একটি হত্যাকা-ের তদন্ত ও বিচারকাজ সম্পন্ন হয়নি। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের অন্যায় হত্যাকা-ের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক। আওয়ামী লীগ সরকারের নতজানু ও দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকা-ে ঘটাচ্ছে। এই হত্যাকা-ের জন্য আওয়ামী লীগের ভারত তোষণ নীতিই দায়ি। দেশবাসী মনে করে আওয়ামী লীগ ভারতের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে। তাই আওয়ামী লীগ সরকার ভারতের কোনো অন্যায় কাজের প্রতিবাদ করার সৎ সাহস পায় না।
নয়াদিগন্ত:
সরকারি খাতে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে
দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ও অবস্থানের অবনতি : টিআইবি
নির্বাচনী গণতন্ত্রহীনতাও উদ্বেগজনকদুর্নীতির ধারণা সূচকে ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ও অবস্থানের আরো অবনমন হয়েছে। এটা প্রমাণ করে যে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবিক অর্থে কার্যকর প্রয়োগ হয়নি। সরকারি খাতে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে। অর্থ পাচারের অনেক ঘটনা প্রকাশ হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃষ্টান্ত দেখা যায়নি বলে টিআইবি বলছে। ২০২৩ সালের সিপিআই অনুযায়ী বাংলাদেশের স্কোর কমে ২৪ এবং অবস্থান দশম স্থানে রয়েছে। আর সর্বোচ্চ ৯০ স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। ৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড এবং ৮৫ স্কোর পেয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। আর ১১ স্কোর পেয়ে ২০২৩ সালে তালিকার সর্বনিম্নে অবস্থান করছে সোমালিয়া। নির্বাচনী গণতন্ত্রহীন রাষ্ট্রগুলোর গড় স্কোর ৩১। সেখানেও বাংলাদেশের ২৪ স্কোর, উদ্বেগজনক ও বিব্রতকর।
বাংলাদেশ প্রতিদিন:
দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বে দশম,
টিআইয়ের তালিকায় দুই ধাপ অবনতি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকায় বাংলাদেশ এখন দুর্নীতিতে বিশ্বে দশম। গত বছরের চেয়ে এবার দুই ধাপ অবনতি হয়েছে অবস্থানের। আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়। সিপিআই (দুর্নীতির ধারণা সূচক)-২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সূচকের বিশ্লেষণ করলে ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ও অবস্থান গত এক যুগের মধ্যে সর্বনিম্ন।দুর্র্নীতির ধারণা সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থানকে হতাশাজনক উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ২০২২ সালের তথ্যের ভিত্তিতে প্রণীত দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম ও স্কোর ছিল ২৫।