ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার জোরালো নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।
মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন,ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। এছাড়া ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটা আমাদের জোরালো নির্দেশনা।
আজ বুধবার সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদ (আরএম জি টিসিসি)-এর ১৭তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বেতন-বোনাস দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে। কারন কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবেন তা তো আমরা জানি না। আগামী ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা এই সেক্টরে কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো ইতোমধ্যে সমাধান হয়ে গেছে।
প্রতিমন্ত্রী বলেন, যেগুলো সমাধান হয়নি সেগুলো সমাধানের বিষয় আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। আমরা আশা করি আলোচনা ফলপ্রসূ হয়েছে।
তিনি আরও বলেছেন, সভায় উচ্চস্বরে একটাও কথা হয়নি। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছি। তিনপক্ষ মিলে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। আশা করি, এ সিদ্ধান্তগুলোর আলোকে আগামী ঈদ শুভ হবে, সুন্দর হবে।