মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার বাঁধ (৩) এলাকায় শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নবম শ্রেণীর ছাত্র জিহাদ (১৫) এর লাশ উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, জিহাদ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় নদীতে ডুবে যায়। সে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর বাগানবাড়ী এলাকার ইসলামিয়া সরকারি কলেজের ছাত্র মোঃ জুয়েল ইসলামের ছেলে।
সবুজ কানন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী জিহাদসহ ৫-৬ জন বন্ধু ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলার পর যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ ৩ জন ভেসে যায়।
স্টেশন অফিসার আতাউর রহমান (টনি) বলেন, স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও জিহাদ পানিতে তলিয়ে যায়। এরপর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেন, তবে প্রথম দিন খুঁজতে ব্যর্থ হন।
শনিবার (২৬ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও উদ্ধার কাজ শুরু করেন এবং সকাল ১১টার দিকে জিহাদকে মৃত অবস্থায় যমুনা নদী থেকে উদ্ধার করেন।