নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন এই কর্মসূচির নাম ‘RememberingOurHeroes’। সব শ্রেণিপেশার মানুষকে আজ বৃহস্পতিবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। নিহতদের স্মরণে এ ধরনের যেকোনো কনটেন্ট বা লেখা দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইন ও অফলাইনে প্রচার করার আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
গত বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্ল্যাটফর্মের অন্যতম সহসমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রশীদ এ কর্মসূচি ঘোষণা করেন।
পরে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। বলা হয়, ‘সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদ, জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি।’
কর্মসূচিগুলোর মর্ধে রয়েছ, নির্যাতনের ভয়ংকর দিন-রাতের স্মৃতিচারণা, হতাহত ব্যক্তিদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা এবং আন্দোলনকে কেন্দ্র করে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াললিখন, ফেস্টুন ও ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি।
বিজ্ঞপ্তিতে,নিহত ব্যক্তিদের স্মরণে এ ধরনের যেকোনো কনটেন্ট বা লেখা দুটি হ্যাশট্যাগ (#JulyMassacre ও #RememberingOurHeroes) ব্যবহার করে অনলাইন ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হয়েছে । শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে এই কর্মসূচি পালনে সর্বাত্মক অংশ নিতে বিশেষ অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।