শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোন বিরূপ প্রভাব না পড়ার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আজ সোমবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউনূস ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দেন পররাষ্ট্রসচিব।
তিনি বলেছেন,একজন ব্যক্তির কারণে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটা আমাদের একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং ওনার আবেদন করার সুযোগ আছে বা উনি জামিনও পেয়েছেন। সুতরাং বিষয়টা একটা চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, এর চেয়ে বেশি কমেন্টস আমি করতে চাই না।
এর আগে সোমবার(১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মামলার রায়ে, আগামী ৩০ দিনের মধ্যে শ্রমিকদের চাকরি স্থায়ী, কল্যাণ তহবিল গঠন এবং শ্রমিকদের লভ্যাংশের পাঁচ শতাংশ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।