সমকাল
সমকাল প্রত্রিকার প্রধান খবর: ‘৭০ আসন ছিনিয়ে নিতে পারে স্বতন্ত্র” স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থানের কারণে আওয়ামী লীগের সমর্থন পেয়েও বিপদে আছেন ১৪ দলীয় জোটের দুই শীর্ষ নেতা জাসদের (ইনু) সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। ৯ আসনে আওয়ামী লীগের সমর্থন পেয়েও বেশ পিছিয়ে জাতীয় পার্টির প্রার্থীরা।
অন্যদিকে, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হওয়া চার এমপির বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। একটি আসনে বাবার বিরুদ্ধে মেয়ের শক্তিশালী অবস্থান অনেকের দৃষ্টি কেড়েছে। আরেকটি আসনে অসুস্থ বাবার অনুপস্থিতিতে কান্ডারির ভূমিকায় নেমে ভোটারদের মন জয় করেছেন মেয়ে।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন শীর্ষ নেতার কাছ থেকে পাওয়া আসনভিত্তিক পর্যালোচনায় এমন ইঙ্গিত মিলেছে। প্রায় একই ধরনের তথ্য দিয়েছেন সরকারি দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। তাদের অনেকেই ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নির্বাচনী এলাকা পরিদর্শন করে এসেছেন। এ ছাড়া সমকালের স্থানীয় প্রতিনিধিদের তথ্য বিশ্লেষণেও পাওয়া গেছে এমন আভাস।
প্রথম আলো
ড. ইউনূসের ৬ মাসের কারাদন্ডের বিষয়ে প্রথম আলো শিরোনাম করেছে‘যে দোষ করিনি, সেই দোষে শাস্তি পেলাম’,রায়ের পর ড. ইউনূস
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে দোষ করিনি, সেই দোষে শাস্তি পেলাম। এই দুঃখটা মনে রয়ে গেল।’
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণার পর ড. ইউনূস সাংবাদিকদের এ কথা বলেন।
ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা আজ সোমবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন।
রায়ের সময় ড. ইউনূস আদালতে উপস্থিত ছিলেন। আবেদনের পর তাঁকে এক মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেওয়া হয়।
নয়াদিগন্ত
আন্দোলন কৌশলে সতর্ক পদক্ষেপ বিএনপির
দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি পালন করলেও ‘বাস্তবতা বিবেচনায়’ ভোট ঠেকানোর কঠোর আন্দোলনে যাচ্ছে না বিএনপি। বরং জনগণকে ‘একতরফা’ নির্বাচনে ভোট প্রদানে নিরুৎসাহিত করার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি। এর অংশ হিসেবে চলমান গণসংযোগ কর্মসূচি আরো বাড়ানো হয়েছে।
গত রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-পর্যালোচনার পর বাস্তবতার নিরিখে এমন সিদ্ধান্ত নিয়েছেন দলটির হাইকমান্ড। চার ঘণ্টার এই বৈঠকে দলটির সাংগঠনিক সম্পাদকরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। হরতাল-অবরোধের কর্মসূচি ঘিরে অন্যপক্ষকে কোনো অপকর্ম-নাশকতা করার সুযোগ দিতে চায় না বিএনপি। তা ছাড়া নেতাকর্মীদের আর নতুন করে ধরপাকড়ের মুখেও ঠেলে দিতে চায় না। তাই সহিংসতা তৈরি হতে পারে, এমন কর্মসূচিতে যাবে না দলটি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি এখন ধৈর্য সহকারে সতর্কতার সাথে সামনে এগুনোর কৌশল গ্রহণ করেছে বলে জানা গেছে।
বিএনপির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘একতরফা’ ভোট বর্জনের আহ্বানে আগামী শুক্রবার পর্যন্ত ফের দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে গতকাল সোমবার আরো তিন দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অবশ্য আন্দোলনের অংশ হিসেবে ভোটের আগের দিন ও ভোটের দিন দেশব্যাপী হরতালের ডাক দিতে পারে বিএনপি। এ ছাড়া নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোটের পরদিনও হরতাল অব্যাহত রাখা হতে পারে। এরপর ‘একতরফা’ নির্বাচনের ফল বাতিল এবং একদফা দাবিতে নতুন করে জনগণকে সংগঠিত করতে সভা-সমাবেশের মতো জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত রাখা হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলবে।
মানবজমিন
নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে মানবজমিনের শিরোনাম ’কেন নির্বাচন থেকে সরে যাচ্ছেন জাপা’র প্রার্থীরা
প্রতিবেদনে বলা হয়, হতাশা বাড়ছে জাতীয় পার্টিতে। সমঝোতার ২৬ আসনসহ কয়েকটি আসনে দলটি লড়াই করলেও বাকিগুলোতে নেই প্রচার-প্রচারণা। একে একে সরে যেতে শুরু করেছেন লাঙ্গলের প্রার্থীরা। গুঞ্জন আছে দলটির আরও অনেক প্রার্থী একযোগে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে পারেন। নির্বাচন প্রত্যাহার করা প্রত্যেক নেতাই ক্ষোভ প্রকাশ করেন শীর্ষ নেতাদের প্রতি। সেইসঙ্গে সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করেন।
বনিক বার্তা
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবহন অবকাঠামো নিয়ে যৌথভাবে একটি তথ্যভাণ্ডার তৈরি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। প্লাটফর্মটির নাম এশিয়ান ট্রান্সপোর্ট আউটলুক (এটিও)। এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্মিত ও নির্মাণাধীন বিভিন্ন রেলপথ (নন-আরবান হেভি রেল প্রজেক্ট) প্রকল্প বিশ্লেষণ করে কিলোমিটারপ্রতি ব্যয় বের করা হয়েছে। এটিওর বিশ্লেষণ করা তথ্য অনুযায়ী, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রেলপথ নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে কিলোমিটারপ্রতি নির্মাণ ব্যয়ের দিক থেকে শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে বাংলাদেশের একাধিক প্রকল্প। এর মধ্যে কিলোমিটারপ্রতি সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে। এ প্রকল্পের কিলোমিটারপ্রতি নির্মাণ ব্যয় ৭৬ দশমিক ৩৭ মিলিয়ন বা ৭ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ডলার।
কালের কণ্ঠ
বছরের শুরুতেই ঋণে চড়া সুদের চাপ
অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার আগেই বছরের শুরুতে ঋণের চড়া সুদ ধার্য করেছে বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংক ঋণে গড়ে সুদহার ১২ শতাংশ।
দীর্ঘদিন ধরে আমানতের সুদহার ৬ শতাংশ ও ঋণের সুদহার ৯ শতাংশে আটকে রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি নীতির পরিবর্তন আনায় ঋণের সুদহার বাড়তে শুরু করে।
প্রতিবেদনে বলা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্র অনুযায়ী, ২০২৪ নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ঋণের সুদহার হবে ১১.৮৯ শতাংশ। তবে ভোক্তা ঋণের সুদহার পড়বে প্রায় ১৩ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক মূলত ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ তথা সিক্স মান্থ মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত পদ্ধতির ওপর ভিত্তি করে এই ঋণের সুদহার নির্ধারণ করবে। সদ্যোবিদায়ি ২০২৩ সালের জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৭.১০ শতাংশ, আগস্টে ৭.১৪ শতাংশ এবং সেপ্টেম্বরে বেড়ে হয় ৭.২০ শতাংশ, অক্টোবরে ৭.৪৩ শতাংশ, নভেম্বরে ৭.৭২ শতাংশ এবং সর্বশেষ ডিসেম্বরে স্মার্ট রেট বেড়ে দাঁড়ায় ৮.১৪ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ডিসেম্বর মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে এখন সর্বোচ্চ ৩.৭৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে জানুয়ারি মাসে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। অন্যদিকে ৫.৭৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। অবশ্য একবার সুদহার কার্যকর করা হলে পরবর্তী ছয় মাসে তা আর পরিবর্তন করা যায় না। পাশাপাশি ডিসেম্বর মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ৩.৭৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে জানুয়ারি মাসে ঋণ দিতে পারবে ব্যাংক। সেই হিসাবে ২০২৪ সালের প্রথম মাস জানুয়ারিতে বড় অঙ্কের ঋণে সর্বোচ্চ ১১.৮৯ শতাংশ সুদ নিতে পারবে।