ব্রাজিলে ট্রাকের সঙ্গে একটি পর্যটকবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জানুয়ারী) বাহিয়া প্রদেশের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে এই দুর্ঘটনা ঘটে।
দমকলকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ার গাভিয়াও পৌরসভার কাছে ট্রাকের সঙ্গে উপক‚লীয় অঞ্চলে আসা পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ২৫ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন।
এএফপি বলেছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বাহিয়া সিভিল পুলিশ।