চৌদ্দগ্রামে পৌর যুবদল নেতার হাতে সরকারী চিকিৎসক লাঞ্চিত
(চৌদ্দগ্রাম প্রতিনিধি)
কুমিল্লার চৌদ্দগ্রামে মো. ইয়াসিন সবুজ নামের এক যুবদল নেতার হাতে লাঞ্চিত হয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডাঃ আবু মোহাম্মদ হাসান।
মঙ্গলবার (১৫ই জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলার সময় চিকিৎসককে লাঞ্চিতের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই চিকিৎসক। অভিযুক্ত যুবদল নেতা সবুজ চৌদ্দগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এবং ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঔষধ দোকানি।
লিখিত অভিযোগে ভুক্তভোগী চিকিৎসক উল্লেখ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা কার্যক্রম চলার সময় অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়। তখন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে ডাঃ হাসান উপস্থিত হয়ে সিরিয়াল দেয়ার কাজে দায়িত্ব পালনকারীদের সহযোগীতা করছিলেন। এসময় হঠাৎ হসপিটালের বাইরের ঔষধ দোকানদার জনৈক সবুজ ডাঃ হাসানের বুকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। তাকে নিয়ম মেনে সিরিয়ালে আসার জন্য বললে ডাঃ হাসানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারিরীকভাবে লাঞ্চিত করেন।
ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মো. ইয়াছিন সবুজ সবুজের নাম্বারে বারবার করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান জানান, বিষয়টি কিছুক্ষণ আগে জেনেছি, সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী জানান, ‘টিকাদান কেন্দ্রে ডাক্তার লাঞ্চিতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
মো. রাকিব হোসেন (চৌদ্দগ্রাম প্রতিনিধি)