এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা ১০ জানুয়ারি শপথ নেবে না বলে জানিয়েছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মুজিবুল হক চুন্নু জানান, পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামীকালই শপথ নেবেন।
এ সময় তিনি বলেন, আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
গত মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেছিলেন, ‘আগামীকালকের পরে আমরা শপথ নেব। কালকে (১০ জানুয়ারি) আমরা শপথ নিচ্ছি না।’
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।
জাপার নির্বাচিন প্রার্থীরা হচ্ছেন— দলের চেয়ারম্যান জি এম কাদের (রংপুর-৩), মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্চ-৩), কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২)। তাদের মধ্যে রুহুল আমিন হাওলাদার ও আশরাফুজ্জামান ছাড়া বাকিরা বর্তমান সংসদের সংসদ সদস্য হিসেবে আছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে। আগামীকাল নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং তার পর দিন বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।