রুয়েট প্রতিনিধিঃ মোঃ নুর এ – তাসনীম:রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের মাঝে ২য় দফায় কোরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৮ টার পর হতে রুয়েট কেন্দ্রিক লাইব্রেরি ভবনের সামনে রুয়েটের রেনেসাঁ কালচারাল গ্রুপের উদ্যোগে বিতরণ কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে পবিত্র কোরআন গ্রহণ করেন।
উল্লেখ্য গত ১৪ আগস্ট শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়া এবং বাস্তব জীবনে এর গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ‘বাস্তব জীবনে কুরআন অধ্যয়নের গুরুত্ব শীর্ষক সেমিনার ও কোরআন উপহার কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ করে ক্লাবটি। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অধ্যয়ন ও কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
মুসলমান সম্প্রদায়ের ধর্মগ্রন্থ আল কোরআন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে নির্দেশনা। একজন শিক্ষার্থীর চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ বিকাশ এবং দৈনন্দিন জীবনের সঠিক দিকনির্দেশনায় কোরআন পথপ্রদর্শকের ভূমিকা পালন করে।
এদিকে শিক্ষাজীবনের চাকচিক্যময় সংস্কৃতির মাঝেও নৈতিক মূল্যবোধ বজায় রাখতে কোরআন অধ্যয়নের উপর তাগিদ দিয়েছেন শিক্ষক মহোদয়েরা। তারা জানান, একজন প্রকৌশলী হওয়ার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তাও জরুরি, আর আল কোরআন ও রাসুলের জীবনী চর্চার চেয়ে উত্তম মাধ্যম নেই।
আয়োজকরা প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা কোরআন চর্চা ও নিজ জীবনে তার প্রয়োগ করলে তাদের প্রচেষ্টা সার্থক হবে। এছাড়াও শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনে উৎসাহিত করা এবং রুয়েট ক্যাম্পাসে এক ইতিবাচক, জ্ঞানমুখী ও নৈতিক পরিবেশ গড়ে তোলার আশা ব্যক্ত করেন তারা। এ ধরনের উদ্যোগ মানবিক ও নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সুধী জনেরা।