বনিক বার্তা
বনিক বার্তা প্রত্রিকার প্রধান খবর : “আলুর নিট ঘাটতিতে পড়তে যাচ্ছে কি বাংলাদেশ”
দীর্ঘদিন ধরেই আলুতে স্বয়ংসম্পূর্ণ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে কৃষিপণ্যটির মাথাপিছু ভোগ। ব্যবহার বেড়েছে খাদ্য ও ফিড শিল্পেও। তবে পণ্যটির চাহিদা যে গতিতে বেড়েছে, উৎপাদন বা সরবরাহ সে গতিতে বাড়েনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) এক গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর থেকেই দেশে উদ্বৃত্ত আলুর পরিমাণ কমছে।
এ প্রবণতা অব্যাহত থাকলে আলুতে নিট উদ্বৃত্ত অচিরেই নিট ঘাটতিতে রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, এ পরিস্থিতি মোকাবেলায় উৎপাদনশীলতা বাড়ানোয় দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। অন্যথায় আলুতেও বাংলাদেশের আমদানিনির্ভর হয়ে পড়ার জোর আশঙ্কা রয়েছে। এ প্রবণতা অব্যাহত থাকলে আলুতে নিট উদ্বৃত্ত অচিরেই নিট ঘাটতিতে রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, এ পরিস্থিতি মোকাবেলায় উৎপাদনশীলতা বাড়ানোয় দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। অন্যথায় আলুতেও বাংলাদেশের আমদানিনির্ভর হয়ে পড়ার জোর আশঙ্কা রয়েছে।
দেশ রুপান্তর
দেশ রুপান্তর প্রত্রিকার প্রধান খবর :“বিএনপির ৭ জানুয়ারি ছক”
আসছে ৭ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন প্রমাণ করতে সেদিনও কর্মসূচি থাকবে বিএনপি, জামায়াতসহ সমমনা দলগুলোর।ভোটের দিন হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন দলগুলোর শীর্ষ নেতারা। নেতারা বলছেন, নির্বাচনের দিন তারা এমন কোনো কর্মসূচি দেবেন না, যাতে আওয়ামী লীগের নিজ দলের প্রার্থীরা নিজেরা নিজেরা সংঘর্ষে জড়িয়ে কোনো ঘটনা ঘটিয়ে তার দায় বিরোধীদের ওপর চাপাতে পারে।
সংঘর্ষ এড়ানোর বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য বিরোধীদের আরও সতর্ক করে দিয়েছে বলে বিএনপি ও সমমনা দলের নেতারা জানান।কয়েক দিন আগে ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে গুপ্ত হত্যা চালাতে পারে বিএনপি।’
নয়াদিগন্ত
নয়াদিগন্ত প্রত্রিকার প্রধান খবর:, ‘নির্বাচনী সহিংসতা বেড়েই চলেছে’।
প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সহিংসতার মাত্রা ততই বাড়ছে।
যেমন: বরিশাল-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মোটরসাইকেল বহরে গুলিবর্ষণ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। এতে ৩০ থেকে ৩৫ জন কর্মী আহত হয়েছেন বলে খবরে বলা হচ্ছে।
লক্ষ্মীপুরের কমলনগরে নৌকা প্রতীকের কার্যালয়ে ঈগল প্রতীকের কর্মীরা ঢুকে এক কর্মীকে মারধরের ঘটনায় দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা হয়েছে। এতে ঈগল প্রতীকের সমন্বয়কসহ উভয়পক্ষের ১৯ জন আহত হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেনের দুই কর্মীকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
প্রথম আলো
প্রথম আলো প্রত্রিকার প্রধান খবর: “আট বছরে সর্বোচ্চ বায়ুদূষণ”
ঢাকায় বায়ুদূষণ বাড়ছেই। ২০২৩ সাল ছিল আট বছরের মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর বছর।
স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ সালে বায়ুমান সূচকে ঢাকার গড় নম্বর (স্কোর) ছিল ১৭১, যা আগের বছর ছিল ১৬৩।
বায়ুমান সূচকে নম্বর ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য হয়। নম্বর যত বেশি হবে, মান তত খারাপ।
ঢাকায় বায়ুমানের এই অবনতির মাশুল দিতে হচ্ছে মানুষকে। রাজধানীবাসীর মধ্যে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও প্রবীণেরা ভুগছেন বেশি। চিকিৎসার জন্য বাড়তি ব্যয় করতে হচ্ছে, যা চড়া মূল্যস্ফীতির মধ্যে সংসারের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে।
ঢাকার মিরপুরের বাসিন্দা সায়মা ইসলাম নিজের শিশুসন্তানকে নিয়ে গত সোমবার গিয়েছিলেন ধানমন্ডিতে একজন চিকিৎসকের কাছে। তাঁর সন্তানের কাঁশি লেগেই থাকে। তিনি প্রথম আলোকে বলেন, চিকিৎসক বলেছেন তাঁর সন্তানের রক্তে অ্যালার্জির মাত্রা অনেক বেশি, যেটার কারণ বায়ুদূষণ।
সায়মা জানান, ওই দিন চিকিৎসকের পরামর্শ ফি ও অটোরিকশার ভাড়ায় তাঁর ব্যয় হয়েছে দুই হাজার টাকা। রোগ পরীক্ষার ফি ৬৫০ টাকা। চিকিৎসক যে ওষুধ দিয়েছেন, তাতে দিনে দেড় শ টাকা করে এক মাসে সাড়ে চার হাজার টাকা ব্যয় হবে। সর্বমোট ব্যয় সাত হাজার টাকার বেশি। তিনি বলেন, ‘ঢাকা ছাড়তে পারলে বাঁচতাম। ছেলেটার কষ্ট আর সহ্য হয় না।’
বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রধান খবর: “রপ্তানিতে অশনিসংকে”
টানা তিন মাস ধরে কমছে আয়, নেতিবাচক প্রভাব তৈরি পোশাকেও
রিজার্ভ সংকট কাটাতে দেশের রপ্তানি আয় বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হলেও এ খাতে এখন দেখা যাচ্ছে অশনিসংকেত। টানা তিন মাস ধরে রপ্তানি আয় কমছে। সর্বশেষ ডিসেম্বরের যে রিপোর্ট পাওয়া গেছে, তাতেও পড়েছে নেতিবাচক প্রভাব। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির হিসাবে সদ্যসমাপ্ত ডিসেম্বরে পণ্য রপ্তানিতে আয় এসেছে ৫৩০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১ শতাংশ কম।
২০২২ সালের ডিসেম্বরে অর্জিত রপ্তানির পরিমাণ ছিল ৫৩৬ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বড় আশঙ্কা হলো, যে তৈরি পোশাকে ভর করে রপ্তানি আয়ে প্রবৃদ্ধির লক্ষ্য গ্রহণ করেছে সরকার, ডিসেম্বরে এসে সেই খাতেও নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। মাসভিত্তিক হিসাবে রপ্তানি আয়ের হ্রাসবৃদ্ধি ঘটলেও তৈরি পোশাক খাতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত ছিল। তবে সদ্যসমাপ্ত ডিসেম্বরে এসে দেখা যাচ্ছে ভরসার খাত ওভেন পোশাক রপ্তানিও আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ১২ শতাংশ কমে গেছে। এ ছাড়া রপ্তানি কমেছে ক্যাপ, ফার্নিচার, কার্পেট, বাইসাইকেল, জুতা, হোম টেক্সটাইল, টেরি টাওয়েল, জাহাজ ও কাঁচা পাটের মতো সম্ভাবনাময় পণ্যে।
কালের কন্ঠ
কালের কন্ঠ প্রত্রিকার প্রধান খবর: “বিশ্বাস রাখুন, নৌকাই দেবে সমৃদ্ধি”
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে আবারও ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নৌকায় বিশ্বাস রাখুন, নৌকাই দেবে উন্নয়ন ও সমৃদ্ধি।
গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
অস্ত্রের জোরে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের কোনো উন্নয়নই করেননি বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি দুর্নীতি করতে আসিনি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। আমি শেখ মুজিবের মেয়ে। এ জাতি কারো কাছে মাথা নত করবে না।’ নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নৌকা নুহ নবীর নৌকা।
যুগান্তর
যুগান্তর প্রত্রিকার প্রধান খবর:“সাড়ে সাত লাখ পুলিশ বিজিবি আনসার মাঠে”
মাঠে থাকবেন পুলিশের ১ লাখ ৮৯ হাজার, বিজিবির ৩৫ হাজার, এপিবিএনের ৬ হাজার ও আনসার ভিডিপির ৫ লাখ ১৭ হাজার সদস্যদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে আজ থেকে সারা দেশে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে। এছাড়া ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। এবারের নির্বাচনে সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৯টি। ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
জানা যায়, এবারের নির্বাচনে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রায় সাড়ে সাত লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে পুলিশ ১ লাখ ৮৯ হাজার, বিজিবি ৩৫ হাজার, এপিবিএন ৬ হাজার এবং আনসার-ভিডিপির ৫ লাখ ১৭ হাজার ১৬৭ জন সদস্য থাকবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো যুগান্তরকে এসব তথ্য জানিয়েছে।
দৈনিক সংগ্রাম
দৈনিক সংগ্রাম প্রত্রিকার প্রধান খবর : “৯ ডিগ্রীতে নেমেছে তাপমাত্রা॥শীতে কাবু নিম্ন আয়ের মানুষ”
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ফের ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। গতকাল মঙ্গলবার সকালে দেশে সর্বনি¤œ তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল নীলফামারীর সৈয়দপুরে। এখন পর্যন্ত এটিই চলতি শীত মৌসুমের সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রাও ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার দেশের দক্ষিণ, মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের ছয় বিভাগে তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে, একই সঙ্গে উত্তরাঞ্চলের দুই বিভাগে তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
মানবজমিন
মানবজমিন প্রত্রিকার প্রধান খবর:“বিদেশি পর্যবেক্ষকদের জন্য ‘রাজসিক আয়োজন”
নির্বাচন কমিশনের আমন্ত্রণে ঢাকা আসার প্রস্তুতিতে থাকা ৮০ বিদেশি পর্যবেক্ষককে ‘রাজসিক আয়োজনে’ বরণ করা হবে। তাদের স্বাগত জানাতে প্রস্তুত রাখা হয়েছে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের একটি পাঁচ তারকা হোটেল। সেখানে তাদের থাকা-খাওয়ার সমুদয় ব্যয় মেটানো হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। শুধু তা-ই নয়, আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের যাতায়াত পথের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কয়েক স্তরে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পর্যবেক্ষকের সামাজিক মর্যাদা এবং অবস্থান বিবেচনায় তাদের চলাচলে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত প্রটেকশন টিম (স্কট)। এ ছাড়া সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা। বিদেশি পর্যবেক্ষকদের গাইড হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল স্মার্ট তরুণ-তরুণী। নির্বাচন কমিশনের নির্দেশনা মতে পুরো বিষয়টি সমন্বয় করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল’। বিদেশি পর্যবেক্ষকদের মেহমানদারিতে (লোকাল হসপিটালিটি) যেন কোনো কমতি বা ঘাটতি না হয় সেজন্য একজন মহাপরিচালকের নেতৃত্বাধীন ৩ সদস্যের পর্যবেক্ষক সহায়তা সেলকে শক্তিশালী করতে জনপ্রশাসনের এক ঝাঁক তরুণ কর্মকর্তাকে সেগুনবাগিচায় ন্যস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, ইসি’র আমন্ত্রণে আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১২টি দেশের ৮০ বিদেশি পর্যবেক্ষক ঢাকা আসছেন এটা প্রায় চূড়ান্ত।
সমকাল
নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির অবস্থানকে ঘিরে সমকালের প্রথম পাতার খবর ‘‘ভোটের টাকা না পেয়ে সরে পড়ছেন জাপার প্রার্থীরা’।
প্রতিবেদনে বলা হচ্ছে, আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ২৬ আসনের বাইরে থাকা জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা নির্বাচনের মাঠ থেকে একে একে সরে যাচ্ছেন ।
খবরে বলা হয়েছে, প্রার্থীদের ভাষ্য, দলের নেতাকর্মীরা নির্বাচন বর্জনের পক্ষে মত দিলেও ‘বিশেষ জায়গা থেকে তহবিল’ পেয়ে নির্বাচনে অংশ নিয়েছে জাপা।
‘বি ক্যাটেগরি’ আসনের প্রত্যেক প্রার্থীকে ৩০ লাখ এবং ‘সি ক্যাটেগরি’ আসনের প্রার্থীদের ২০ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ছিল। কিন্তু শীর্ষ নেতারা ওই টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছেন।
জাপা সূত্রের খবর দিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে, সেই টাকা পাওয়া যায়নি। সে কারণেই প্রার্থীদের সহায়তা করা যাচ্ছে না।
মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ১৩টি আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী ঘোষণা দিয়ে সরে গেছেন।
নির্বাচনের মাঠে নামিয়ে খবর নিচ্ছে না দল। নির্বাচন খরচসহ যেসব সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ছিল, তা দিচ্ছে না।
এই অবস্থায় দুই শতাধিক আসনে দলটির প্রার্থীরা ভোটের লড়াইয়ে নেই। গতকাল তাদের অভিযোগ, দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর খোঁজ পাচ্ছেন না।