পৌষ শেষ হয়েছে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে আর মাঘে চলছে ওই অঞ্চলগুল সহ সারা ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীত এবার সাথে যোগ হতে যাচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
আগামীকাল বুধবার শুধু দক্ষিণাঞ্চল এবং পরদিন বৃহস্পতিবার দেশের পাঁচটি বিভাগেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
মঙ্গলবার সকালে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আজ সকাল ৯টা থেকে আবহাওয়া পূবার্ভাস হলো—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এমন পরিস্থিতি পরদিন বৃহস্পতিবার আরও পরিবর্তিত হবে। এ দিনের পূর্বাভাস বলছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিন মধ্যরাত থেকে পড়া কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়কযোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।