নরসিংদীত-৪ নেওয়ার (মনোহরদী ও বেলাবো) আসনের একটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।ভোটগ্রহণ বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম।
রোববার (০৭ জানুয়ারি) সকাল ৮টায় বেলাব উপজেলার ছল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৮-১০ জন ব্যক্তি কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করে। এজন্য ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান সংবাদমাধ্যমকে জানান, ভোটগ্রহণ শুরুর আগেই কিছু অনিয়মের খবর পাওয়ায় ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
সূত্রে জানা গেছে, সকালে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ আগে স্থানীয় ৮-১০ জন ব্যক্তি ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে জোরপূর্বক প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা কয়েকটি ব্যালটে নৌকা প্রতীকে সিলও মারে।
এ বিষয়ে মতিউর রহমান জানান, এই কেন্দ্রে কখন আবার ভোটগ্রহণ হবে, সেটি কর্তৃপক্ষ বলতে পারবে।
নরসিংদী-৪ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খাঁন বীরুর (ঈগল পাখি) ভোটের লড়াই জমে উঠবে বলে মনে করছেন ভোটাররা। এ আসনের ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৮টি। আর মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৮২৭ জন।