ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামত করে টাকা উঠানোকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ও আজ বুধবার (২ অক্টোবর) সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, সম্প্রতি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করেন মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা।
প্রসঙ্গত,গতকাল মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। এ সময় নয়ন জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চান নয়ন। জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় সালিসে বসে দুই পক্ষের লোকজন।
এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষ জড়ায়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবার সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।