আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আজ দুঃখের সঙ্গে বলতে হয়, দেশে একটা চক্রান্ত চলছে। বাংলাদেশে ভবিষ্যতের যে নির্বাচন হওয়ার কথা, তা বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। একটি উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন ধরনের উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়।’
শনিবার(৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল।
টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে আজ সকাল থেকে আসতে শুরু করেন সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা। দেশের ১২টি জেলার গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মণ, খাসিয়া, কোচ, হদি সম্প্রদায়, ত্রিপুরাসহ ১৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেছেন, ‘আমাদের সবার দায়িত্ব হবে ১৯৭১ সালে যেমন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান, ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসঙ্গে লড়াই করেছিলাম ভূখণ্ড, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য; সেইভাবে আবার আমরা কাজ করব। আমাদের বিশ্বাস আছে আমাদের নেতা তারেক রহমান এ পর্যন্ত যেসব কথা আপনাদের সামনে বলেছেন, তাতে সব জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারব। আপনারা যে স্বপ্ন দেখছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে এবং যে বাংলাদেশে আপনাদের সবার অধিকার প্রতিষ্ঠিত হবে।’