জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আপনারা আসন্ন ৭ই জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এবং আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এ আহ্বান জানান তিনি। সকাল ৮টার দিকে প্রথমে রামপুরা কাঁচাবাজার পরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এসময় দোকানদার, সাধারণ মানুষ ও পথচারী এবং রিকশা-ভ্যান শ্রমিকদের হাতে লিফলেট তুলে দেন রিজভীসহ নেতারা।
রিজভী বলেন, আজকে অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দল ছাড়াই একতরফা নির্বাচনের আয়োজন করেছে। ইতিমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরা নিজেরাই সহিংসতা ঘটাচ্ছে। আজকে এই গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। যা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়। কিন্তু দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতিমধ্যেই ডামি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন প্রমুখ।