কে এম জারিদুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি:
যশোর জেলা জামায়াতে ইসলামী ও ১১ দলের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব,
বুধবার (১৩ মে)যশোরে আয়োজিত এই সম্মেলনে যশোর-২ আসনের এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সদস্য জহিরুল ইসলাম এবং আল-আমিনসহ কয়েকজনের ওপর সন্ত্রাসী হামলা, অপহরণ, চাঁদাবাজি ও মারধরের ঘটনা ঘটেছে।
তিনি জানান, ১২ মে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যক্তিগত কাজে ঝিকরগাছা উপজেলা পরিষদে যান জহিরুল ইসলাম। কাজ শেষে ফেরার সময় উপজেলা পরিষদ গেটের সামনে পৌঁছালে একদল ব্যক্তি তার গতিরোধ করে মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং জোরপূর্বক তাকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
পরে তাকে ঝিকরগাছা আবিদ ডায়াবেটিক হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে রড ও লাঠি দিয়ে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সন্ত্রাসীরা ৩০০ টাকার তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়, এটিএম কার্ড ও পিন নম্বর নিয়ে নেয় এবং নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ব্যাংকের চেকেও জোরপূর্বক স্বাক্ষর করিয়ে আরও অর্থ উত্তোলন করা হয় এবং এটিএম বুথ থেকেও টাকা তোলা হয় বলে অভিযোগ করা হয়।
এছাড়া জহিরুল ইসলামের মোবাইল ফোন ব্যবহার করে আল-আমিনকে ঘটনাস্থলে ডেকে নিয়ে তাকে মারধর করা হয় বলেও জানানো হয়।
আহত জহিরুল ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে ঘটনার বিষয়টি দুর্ঘটনা হিসেবে রেকর্ড করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, থানায় অভিযোগ দিতে গেলে কিছু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে পুলিশকে অভিযোগ গ্রহণ না করার জন্য চাপ প্রয়োগ করে।
গোলাম কুদ্দুস বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপহরণকারীরা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।