নাশকতার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনগ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে অধিকতর জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মির্জা ফখরুলকে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার ৮ মামলা ও রমনা মডেল থানার ৩ মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯শে অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।