আজকের প্রত্রিকাগুলো প্রধান প্রধান খবর:
মানবজমিন:
জনগণের নয়, এই সরকার ভারত, চীন, রাশিয়ার- বিএনপি
কোনো বিদেশি শক্তি সরকারকে ক্ষমতায় বসায়নি -আওয়ামী লীগ
বিএনপি: জাতীয় নির্বাচনের পর রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের মাধ্যমে শোডাউন করেছে বিএনপি। মিছিল-পূর্ব সমাবেশে দলটির নেতারা বলেছেন, ৭ই জানুয়ারি দেশের ৭ শতাংশ মানুষও ভোট দেয়নি। এই সরকার জনগণের সরকার নয়, তারা ভারত, চীন, রাশিয়ার সরকার। এই সরকারকে আমরা মানি না, জনগণ মানতে বাধ্য নয়। এ সময় সংসদ অধিবেশন শুরুর দিন আগামী ৩০শে জানুয়ারি সারা দেশে ফের কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা দেয় দলটি।
আওয়ামী লীগ:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চীন, ভারত, রাশিয়া আমাদের বন্ধু হতে পারে। কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি। ৪১ দশমিক ৮ শতাংশ ভোটারের ভোটে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের নির্বাচিত সরকার। গতকাল বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, খেলা একটা হয়ে গেছে। ৫ বছরের জন্য নির্বাচনের খেলা শেষ। এখন খেলা রাজনীতির। খেলা হবে- দুর্নীতি, সামপ্রদায়িকতা, জঙ্গিবাদ, হরতাল, অবরোধ ও আগুনসন্ত্রাসের বিরুদ্ধে।
সমকাল:
ডলার সংকট কাটছে না, চাপ বেড়েছে ব্যবসায়
ভাঙা পাথর আমদানির জন্য বেসরকারি ন্যাশনাল ব্যাংকে এলসি খুলেছিল ইনফ্রাটেক কনস্ট্রাকশন। এলসি খোলার সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনামতো গ্রাহকের কাছ থেকে শতভাগ নগদ মার্জিন হিসেবে দুই কোটি টাকা জমা নেয় ব্যাংক। তা নেওয়া হয় ব্যাংকেরই দেওয়া ঋণের টাকা থেকে। পণ্য দেশে আসার আগেই গত ফেব্রুয়ারিতে এলসি মার্জিনের পুরো টাকা তুলে নেওয়ার সুযোগ দেয় ব্যাংক। ব্যাংকের সঙ্গে ভালো সম্পর্কের সুবাদে ইনফ্রাটেকের মতো অনেক কোম্পানিই নানা কৌশলে আমদানি করছে বিলাসী পণ্য। অন্য সব পণ্যের চেয়ে মূলধনি যন্ত্রপাতি ও শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানি কমছে বেশি।
ইত্তেফাক:
রমজানের আগেই বাজার চড়া
1.ডলার-সংকট, এলসি জটিলতা, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা
2.বাজার স্থিতিশীল রাখতে সব উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
3.ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থায় মূল্য বৃদ্ধি পায়: ভোক্তা অধিদপ্তরের ডিজি
4.কিছু মধ্যস্বত্বভোগী কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করে: প্রাণিসম্পদ মন্ত্রী
কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, তেল থেকে শুরু করে মাছ, ডিম, সবজি সবকিছুর দামই বাড়ছে। অথচ আর মাত্র দেড় মাস পরই শুরু হচ্ছে রমজান। এসব পণ্যের দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা ডলার-সংকট ও ঋণপত্র খোলা নিয়ে জটিলতা, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধি, পরিবহণ ব্যয় বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ বিভিন্ন সমস্যাকে দায়ী করেছেন। তবে ভোক্তারা বলেছেন, প্রতি বছর রমজান শুরু হওয়ার আগেই এক শ্রেণির ব্যবসায়ী কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এই সিন্ডিকেটের কাছে রীতিমতো জিম্মি হয়ে পড়েছে ভোক্তারা।
প্রথম আলো:
“বিদ্যুৎ-জ্বালানিতে বিপুল বকেয়া”
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বিপুল পরিমাণ দেনা নিয়ে বিপাকে পড়েছে। একদিকে তারা টাকার অভাবে বেসরকারি কেন্দ্রগুলোকে বিদ্যুতের দাম যথাসময়ে দিতে পারছে না; অন্যদিকে মার্কিন ডলারের অভাবে বকেয়া রাখতে হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদেশি কোম্পানিগুলোর পাওনা।
সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে পাওয়া সর্বশেষ হিসাবে, দেশে উৎপাদনরত বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে পাওনা প্রায় ২৫ হাজার কোটি টাকা। পিডিবি বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাছে গ্যাস বিল বকেয়া রেখেছে প্রায় ৮ হাজার কোটি টাকা।
কারবেলা:
রাতারাতি ব্যক্তিমালিকানায় ৪শ কোটির সরকারি বাড়ি
৪৭ বছর ধরে ঝুলে থাকা জটিলতার সমাধান হয়ে গেছে মাত্র পাঁচ মাসেই। গায়েব হয়ে গেছে সংশ্লিষ্ট নথিও। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিজেদের ন্যায্য হিস্যা ছেড়ে দ্বিতল ভবনসহ ১ বিঘা ৫ কাঠা ১০ ছটাক আয়তনের একটি বাড়ি ব্যক্তিমালিকানায় হস্তান্তর করেছে। ঢাকার গুলশান-২ এর সিইএন (সি) ব্লকের ৯৮নং সড়কের ৬ নম্বর বাড়িটির বর্তমান মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতি বিবেচনায় না নিয়ে খোদ মন্ত্রণালয়ের এমন ‘উদারতা’ নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হওয়ায় তোলপাড় চলছে বলে জানা গেছে।
দেম রুপান্তর:
আইসিজের রায়ের পরও হত্যা ১৭৪ ফিলিস্তিনিকে
গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য প্রায় চার মাস ধরে উত্তাল। রক্তপাত, হামলা আর পাল্টা হামলায় ব্যস্ত ইসরায়েল রাষ্ট্রের চারপাশ। তবে এসবের মধ্যেও গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে হত্যা করেই যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের আদালত যখন ইসরায়েলকে গণহত্যা ঠেকানোর নির্দেশনা দিয়েছে, ঠিক সেই সময় থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৭৪ জন ফিলিস্তিনির প্রাণ হরণ করেছে তেলআবিব।
দৈনিক সংগ্রাম:
সংসদের ‘স্বতন্ত্র’ এমপিদের ৫৮ জনই সরকারদলীয় রাজনীতিতে সম্পৃক্ত
সরদার আবদুর রহমান: বর্তমান জাতীয় সংসদের ‘নির্বাচিত’ ৬১ জন স্বতন্ত্র সদস্যের ৫৮ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বাকি ৩ জনের একজন জাতীয় পার্টির, ১ জন একটি ‘ইসলামী’ দলের সঙ্গে জড়িত এবং একজন বিএনপি থেকে বহিষ্কৃত। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমপিরা দলের কেন্দ্রীয় ও স্থানীয়সহ মূল দল অথবা সহযোগী সংগঠনের কোনো না কোনো পদে দায়িত্ব পালন করে চলেছেন বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২৩টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়লাভ করেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। আর সংসদে প্রধান বিরোধী দল বলে ঘোষিত মহাজোটের শরিক জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন এবং ৬১ জন ‘স্বতন্ত্র’ হিসেবে নির্বাচিত হন।
বাংলাদেশ প্রতিদিন:
বিদেশি শক্তি আমাদের বসায়নি : কাদের
৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের ভয় দেখান? ৪১.৮ শতাংশ লোকের ভোটারের ভোটে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এ সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার। যেখানে ২৮ দল নির্বাচনে অংশ নিয়েছে। চীন বা রাশিয়া আমাদের বন্ধু হতে পারে। আমাদের সরকার কোনো বিদেশি শক্তি বসায়নি। বাংলাদেশের জনগণের ভোটে শেখ হাসিনা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুগান্তর:
সরকার জনগণের নয়, ভারত চীন রাশিয়ার”
টানা তিন মাস ‘আত্মগোপনে’ থাকার পর শনিবার রাজধানীতে কালো পতাকা হাতে মিছিল করেছেন বিএনপির হাজারো নেতাকর্মী। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম মাঠের এ কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নামে। পূর্বঘোষিত কালো পতাকা মিছিলে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরাও অংশ নেন। এ কর্মসূচি তাদের মনোবল ফের চাঙা করেছে বলে জানিয়েছেন। পতাকা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের জনগণের বদলে অন্য রাষ্ট্রের সমর্থন নিয়ে সরকার গঠন করলে তাকে বৈধ সরকার বলা যায় না। এই (আওয়ামী লীগ) সরকার জনগণের সরকার নয়। তারা ভারত, চীন ও রাশিয়ার সরকার। আমরা বর্তমান সরকারকে মানতে বাধ্য নই। প্রধানমন্ত্রী বিদেশিদের সার্টিফিকেট জোগাড় করেছেন। দেশের মানুষ যদি সার্টিফিকেট না দেয়, বিদেশি সার্টিফিকেট দিয়ে আপনাকে (শেখ হাসিনা) বৈধ সরকার প্রমাণ করার সুযোগ নেই।’
নয়াদিগন্ত:
আরাকানের সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে আতঙ্ক
আরাকানে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির সংঘর্ষে উদ্বিগ্ন রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে মিয়ানমারের এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটছে। চেষ্টা করছে বাংলাদেশে প্রবেশেরও। সংঘর্ষের সময় গুলির খোসা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এসে পড়ায় সেখানকার লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। গত ২২ জানুয়ারি দুই পক্ষের ৭ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওপার থেকে গুলির খোসা এসে বাংলাদেশের কয়েকটি গ্রামে পড়ে। সে সময় এসব গ্রামের লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যান। ফিরে এসে পথে পথে গোলার খোসা দেখতে পান। গুলির এসব খোসা পাওয়া যায় সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু, কোনারপাড়া, মধ্যমপাড়া, উত্তরপাড়া, হেডম্যানপাড়া ও বাইশফাঁড়ি এলাকায়।