নির্বাচন কমিশন (ইসি) সিলেট ও বরিশাল মহানগর পুলিশের দুই কমিশনার ও পাঁচ জেলার সুপারকে (এসপি) বদলি করে সেখানে নতুন কমিশনার ও এসপি নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের মাধ্যমে ইসিতে পাঠানো এই প্রস্তাব গতকাল সোমবার রাতে অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে দুজন পুলিশ কমিশনার ও দুজন ডিআইজি পদে প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়ন এবং ১০ জন পুলিশ সুপার বা উপপুলিশ কমিশনার পদে প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়নের বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠি প্রদান করেন।
ইসি এক সূত্র জানায়, দুই কমিশনারের মধ্যে সিলেট মহানগরের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফকে পিবিআইয়ের উপমহাপরিদর্শক (ডিআইজি) করা হয়েছে তাঁর জায়গায় সিলেটের কমিশনার হয়েছেন শিল্প পুলিশের ডিআইজি জাকির হোসেন খান।
বরিশাল মহানগর পুলিশের কমিশনার সাইফুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রো রেলের ডিআইজি করা হয়েছে, তাঁর জায়গায় কমিশনার হয়েছেন ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রো রেলের ডিআইজি জিহাদুল কবির।
ইসি সূত্র আরও জানায়, এসপিদের মধ্যে পিরোজপুরে নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পিবিআইয়ের এসপি মুহাম্মদ শরীফুল ইসলামকে। পিরোজপুরের বর্তমান এসপি মোহাম্মদ শফিউর রহমানকে এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার পদে বদলি করা হয়েছে। আর হবিগঞ্জে নতুন এসপি হিসেবে যাচ্ছেন ডিএমপির উপপুলিশ কমিশনার আক্তার হোসেন।
নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলামকে ডিএমপিতে বদলি করে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে।
সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে ডিএমপিতে উপকমিশনার পদে বদলি করা হয়েছে। সাতক্ষীরায় এসপি হয়ে যাচ্ছেন এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এ ছাড়া মেহেরপুরের এসপি রাফিউল আলমকে পিবিআইয়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে। মেহেরপুরে এসপি পদে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ডিএমপির উপকমিশনার এস এম নাজমুল হক।