আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চাঁদপুরের হাজীগঞ্জে রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়ে দফায় দফায় চলে রাতভর। এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা ও ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সংঘর্ষের ঘটনায় দুই থেকে তিনজন নিহত হওয়ার গুঞ্জন ছড়ালেও, পুলিশ এখনও নিহতদের বিষয়ে কোনো সত্যতা নিশ্চিত করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় টোরাগড় ও মকিমাবদ সর্দার বাড়ির বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষ হয়। ওইদিন রাতে বেশ কয়েকজন আহত হন। সেই রেশ কাটিয়ে না উঠতেই শুক্রবার সন্ধ্যা থেকে আবারো শুরু হয় দুই গ্রুপের সংঘর্ষ। বর্তমানে সংঘর্ষ থামলেও এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটকে যৌথবাহিনীর অভিযান চলছে। এই ঘটনায় রাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।