রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষ্যে নয়াপল্টন থেকে বিজয় র্যালি শুরু করবে দলটি। এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে ইতোমধ্যে নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর নয়াপল্টনে আজ সমবেত হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয় দিবসের র্যালির প্রস্তুতি নিতে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। বানানো হয়েছে অস্থায়ী মঞ্চ। এর আগে সকালে পিকআপে করে সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য মাইক আনা হয়।
এর আগে বিজয়ের সকালে সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা।এদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।
২৮ অক্টোবরের মহাসমাবেশ ভঙ্গ হওয়ার পরে গ্রেপ্তার হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ বেশিরভাগ নেতা তারপর ১১ দফায় ২২ দিন অবরোধ ও ৪ দিন হরতাল পালন করে বিএনপি ও সমমনা দলগুলো। ২৮ অক্টোবর থেকে দলের কার্যালয়ে তালা ঝুলানো।