শনিবার (১৬ ডিসেম্বর) অনুশীলনের আগে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে । ১৭ ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা।
নিউজিল্যান্ডে অবস্থান করে মুশফিকুর রহিম ফেসবুক পেইজে লিখেছেন, ‘মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যারা পরাধীনতার আধার ঘুচিয়ে এনেছিলো বিজয়ের আলো। সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’
আফিফ হোসেন ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিজয় দিবস আমাদের জন্য এক গৌরবময় দিন। সকলকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।’
এদিকে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘ও পৃথীবি এবার এসে বাংলাকে নেও চিনে——ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা এবং আড়াই লক্ষ সম্ভ্রম হারানা মা বোনদের বীরত্বে অর্জিত এই বাংলাদেশ। আপনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’