আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক নেতাদের পাশাপাশি নানা অঙ্গনের তারকারাও অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দলে বা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন কিনেছেন। এরমধ্যে আলোচিত কয়েকজনের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা কতৃক বাতিল করা হয়েছে।
হিরো আলম
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়া জেলা প্রশাসক।
এর আগে বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। এদিন বিকাল পৌনে ৪টার দিকে তার পক্ষে সমর্থকরা বগুড়া ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করে দেন।
মেজর আখতারুজ্জামান
আর এক আলোচিত ব্যক্তি বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের মনোনয়নপত্রও বাতিল করেছে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা। আলোচিত এই ব্যক্তি কিশোরগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছিলেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় মামলা ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মাহি বদরুদ্দোজা চৌধুরী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপন ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন।
মাহিয়া মাহি
ঢাকাইয়া চলচিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন। বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নিÑ কারণ দেখিয়ে তার মনোনয়নপত্রও বাতিল করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এদিকে মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেরিফায়েড ফেসবুকে আগাম একটি পোস্ট দিয়ে যুদ্ধ ঘোষণার হুশিয়ারি দিয়েছেন মাহি। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি।
