বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী
বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসন্ন নির্বাচনে যদি দলের কেউ সংঘাত করে তার রেহাই নাই, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবে সেটিই চাই।
রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা।
শেখ হাসিনা আরও বলেন, দেশের এমন কোনো জেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা যদি আবারও সরকার গঠন করতে পারি তাহলে প্রতিটি জেলা ভূমি ও গৃহহীনমুক্ত হবে। তিনি বলেন, ভোটে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলও আছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাগুলোর মনোনীত প্রার্থীরা ।